জাতীয় সংসদের চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
পুনর্গঠনের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের পরিবর্তে দলের আরেক সংসদ সদস্য কামাল হোসেনকে সদস্য করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বিএনপির মো. আব্দুল্লাহর স্থলে মুন্সীগঞ্জ-২ আসনের আবদুস সালাম আজাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই কমিটিতে জামায়াতের সংসদ সদস্য আল ফারুক আবদুল লতিফের পরিবর্তে দলের আরেক সংসদ সদস্য এনামুল হককে সদস্য করা হয়েছে।
আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আল ফারুক আবদুল লতিফের স্থলাভিষিক্ত হয়েছেন সংরক্ষিত আসনের জামায়াত জোটের সংসদ সদস্য তাসমিয়া প্রধান।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আতিকুর রহমান মোজাহিদের পরিবর্তে জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেমকে সদস্য করা হয়েছে।



