রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।
সহসভাপতি (ভিপি) পদে সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্যানেলে সাবেক সমন্বয়ক ছাড়াও সাধারণ শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত আছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাকসু ভবনের সামনে ১৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার বলেন,
“আমরা দল, মত ও মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবো। যোগ্য শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল গঠন করেছি। আগামীর ক্যাম্পাসে সাংস্কৃতিক আবহ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৮ জন প্রার্থী এবং সিনেটে পাঁচ জন শিক্ষার্থী প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষিত প্যানেলের অন্যান্য প্রার্থী:
- ক্রীড়া সম্পাদক: মো. ইয়াসিন আরাফাত বিজয়
- সহ-ক্রীড়া সম্পাদক: মো. মনজু আরিফ
- সাংস্কৃতিক সম্পাদক: মো. মাহবুব আলম মোহন
- মহিলা বিষয়ক সম্পাদক: হেমা আক্তার ইভা
- সহ-মহিলা বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌসী তৃষা
- তথ্য ও গবেষণা সম্পাদক: মো. মিনহাজুর রহমান
- মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ফাহির আমিন
- সহ-মিডিয়া সম্পাদক: এম শামীম
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. জাকির হোসেন
- সহ-বিতর্ক বিষয়ক সম্পাদক: আরিয়ান আহমদ
- পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: আহসান হাবিব
- সহ-সমাজকল্যাণ সম্পাদক: ঈশিতা পারভীন তিথি
- নির্বাহী সদস্য: সাজ্জাদ হোসাইন, মো. আরিফুল ইসলাম, হাবিব হিমেল
সিনেট ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন পেয়েছেন মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন ও আহসান হাবিব।
প্যানেলকে ছাত্রশিবিরের ‘বি টিম’ হিসেবে দেখার প্রসঙ্গে সালাউদ্দিন আম্মার বলেন,
“আমাদের প্যানেল যথার্থ যোগ্য প্রার্থীদের নিয়ে গঠিত। এটি ডামি বা ছায়া দল নয়। ছাত্রশিবিরের প্যানেল আলাদা, আমাদের প্যানেল স্বতন্ত্র।”
এর আগে রবিবার ছাত্রদল ও ছাত্রশিবির, সোমবার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ ও রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ, এবং মঙ্গলবার ছাত্র ইউনিয়নের একাংশ প্যানেল ঘোষণা করেছে। এ পর্যন্ত রাকসু নির্বাচনে মোট ছয়টি প্যানেল আত্মপ্রকাশ করেছে।



