tanaka
প্রচ্ছদশিক্ষাঙ্গনরাকসু জিএসের খরচের বাজেট নিয়ে অসন্তোষ রাবি শিবির সভাপতির

রাকসু জিএসের খরচের বাজেট নিয়ে অসন্তোষ রাবি শিবির সভাপতির

  1. রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের দাপ্তরিক খরচের হিসাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

    মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অসন্তোষের কথা জানান।

    মুজাহিদ ফয়সাল বলেন, দাপ্তরিক কাজের কথা উল্লেখ করে রাকসু জিএস ৩ লাখ ৭০ হাজার টাকা তুলে বিভিন্ন দপ্তরের নামে খরচ দেখিয়েছেন। তবে ছাত্রশিবিরের প্রতিনিধিদের হিসাব অনুযায়ী, ওই দপ্তরগুলোতে মোট খরচ ৫০-৬০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়

    তার অভিযোগ, বিভিন্ন দপ্তরের ওপর খরচের দায় চাপিয়ে ব্যক্তিগত অনিয়ম এড়ানোর সুযোগ নেই। তাই কোন দপ্তরে কত টাকা খরচ হয়েছে, তার তথ্য-প্রমাণসহ বিস্তারিত হিসাব প্রকাশের দাবি জানান তিনি।

    মুজাহিদ ফয়সাল আরও বলেন, সালাউদ্দিন আম্মার ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচিত না হওয়ায় তার কর্মকাণ্ড ও আর্থিক হিসাবের কোনো দায় সংগঠনটি নেবে না।

    রাকসু নির্বাচনসহ পাঁচ দাবি

    সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবির আগামী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভাতা চালুসহ পাঁচ দফা দাবি জানায়। পরে দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

    দাবিগুলো হলো—

    • আগামী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা।
    • বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন।
    • অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু।
    • পূর্ণাঙ্গ ও আধুনিক মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা।
    • বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা।

    মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে প্রতি বছর নির্বাচনের সুযোগ পান। তার দাবি, ইতোমধ্যে বর্তমান রাকসু নির্বাচনের প্রায় ১০ মাস পার হয়েছে। তাই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি এখনই শুরু করা প্রয়োজন।

    সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীবসহ বিভিন্ন হলের নির্বাচিত রাকসু প্রতিনিধি ও সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।