রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের মামলায় আগামী রবিবারের মধ্যেই পুলিশ আদালতে চার্জশিট জমা দেবে। একই সঙ্গে মামলার বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিতে প্রয়োজন হলে সরকার আইন সংশোধনের উদ্যোগও নেবে।
তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের আরেক মেয়ের লেখাপড়া ও সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই গ্রহণ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।



