tanaka
প্রচ্ছদজাতীয়ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ জন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ জন

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৪৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি ছাড়াল ১ লাখ ২৬ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২১৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে বিভাগটিতে ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, খুলনায় ২৮৪ জন, বরিশালে ২৩২ জন, রাজশাহীতে ২৪৬ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি।