tanaka
প্রচ্ছদসারাদেশযেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

যেকোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, উচ্চাভিলাষ পূরণে দলটি অনৈতিক পন্থা অবলম্বন করছে, যা দেশের গণতন্ত্রের জন্য আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট কেন্দ্রে ভোট দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ কোনো দলের নাম না উল্লেখ করে বলেন, “তারা অত্যন্ত উচ্চাভিলাষী। যেকোনোভাবে ক্ষমতায় যেতেই হবে— এমন তাড়না তাদের মধ্যে রয়েছে। এই অভিলাষ পূরণের জন্য তারা অনৈতিক পথ বেছে নিচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে সাজানো ঘটনা এবং ব্যালট পেপার ছাপানোর মতো অনিয়মের খবর পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ডে নির্দিষ্ট দলের নেতাকর্মীরা জড়িত বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এসব ঘটনার নিন্দা জানাই। গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ম-কানুন মেনে চলতে হবে। জনগণ আর কোনো ধরনের অপসংস্কৃতি মেনে নেবে না; বরং প্রত্যাখ্যান করবে।”

তিনি যোগ করেন, ভিন্ন পথে বা অনৈতিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। জনগণ এ ধরনের রাজনীতিকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও করবে না।