সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির সঙ্গে প্রায় এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তির অঙ্গীকার করেছেন। এ সময় সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রশ্ন উঠলে যুবরাজের পক্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে যুবরাজ কিছুই জানতেন না।
ওভাল অফিসে এক সাংবাদিক যুবরাজকে খাশোগি হত্যার বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সাংবাদিককে ‘সৌদি অতিথিকে বিব্রত করার’ অভিযোগ করেন। তিনি খাশোগিকে ‘অত্যন্ত বিতর্কিত’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “ঘटना যা ঘটেছে, তা দুঃখজনক, কিন্তু যুবরাজ এর সঙ্গে জড়িত নন—এখানেই বিষয়টি শেষ হওয়া উচিত।”
এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং এফ-৩৫ জেট বিক্রির অনুমোদনসহ একাধিক বড় চুক্তি সই করেছে। সফরের সময় ট্রাম্প যুবরাজকে ‘খুব ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করে মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে তাকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেন। অতিথি অভ্যর্থনায় কামান সালাম, এফ-৩৫ উড়োজাহাজের প্রদর্শনীসহ জমকালো নৈশভোজের আয়োজনও করা হয়।
২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়। ২০২১ সালের মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, হত্যার নির্দেশ যুবরাজই দিয়েছিলেন। তবে এবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি সৌদি সম্পর্ক জোরদারে বিষয়টি পাশ কাটিয়ে যেতে চান। খাশোগি বিষয়ে প্রশ্ন করায় তিনি এবিসি নিউজের লাইসেন্স বাতিলের কথাও বলেন।
সফরে যুবরাজ জানান, খাশোগি হত্যাকাণ্ড ছিল “বেদনাদায়ক ও বড় ভুল”। তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী হলেও তার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট পথ প্রয়োজন।
এদিকে বিশাল বিনিয়োগ প্রতিশ্রুতির পাশাপাশি, সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বাড়াতে সম্মত হয়েছে। সফরসূচিতে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোরও ওয়াশিংটন সফরে অংশ নেওয়ার কথা রয়েছে।
একই সময়ে এক সৌদি ডেভেলপার মালদ্বীপে ট্রাম্প অর্গানাইজেশনের নতুন হোটেল প্রকল্প ঘোষণা করে। এ নিয়ে স্বার্থের দ্বন্দ্ব আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, পরিবারের ব্যবসার সঙ্গে তার এখন কোনো সম্পর্ক নেই।



