tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেলের পাশে চীন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেলের পাশে চীন

ইরানের কাছ থেকে তেল কেনার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করলেও তা প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ আদেশ জারি করে জানিয়েছে, দেশটির ভূখণ্ডে এসব মার্কিন নিষেধাজ্ঞার কোনো বৈধতা থাকবে না।

এর আগে ইরানের সঙ্গে তেল ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পাঁচটি বড় চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক আর্থিক লেনদেন সীমিত করার উদ্যোগও নেয় ওয়াশিংটন।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো—হেংলি পেট্রোকেমিক্যাল, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল, শানডং জিনচেং পেট্রোকেমিক্যাল গ্রুপ, হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ এবং শানডং শেংশিং কেমিক্যাল।

চীনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি দেশ নিজের আইন ও বিধিনিষেধ জোর করে অন্য দেশের ওপর প্রয়োগ করতে পারে না। বেইজিংয়ের দাবি, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা চীনা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। নিজেদের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার অংশ হিসেবেই পাল্টা এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা চীনের স্বাধীন শোধনাগারগুলো। ফলে চীনের এই অবস্থান ইরানের সঙ্গে দেশটির জ্বালানি বাণিজ্য অব্যাহত রাখার পথ আরও সহজ করতে পারে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের সরাসরি আইনি পদক্ষেপ দুই দেশের চলমান অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধকে আরও তীব্র করতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে চীনের জ্বালানি বাণিজ্য নিয়েও নতুন করে আন্তর্জাতিক আলোচনা তৈরি হতে পারে।

সূত্র: মেহের নিউজ