tanaka
প্রচ্ছদরাজধানীবনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে টেপ দেওয়া লাশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে টেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির (প্রায় ৫০ বছর) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের পরনে সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট এবং লুঙ্গি ছিল। তার মুখ টেপ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে কোনো একটি গাড়ি থেকে তার মরদেহ এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হতে পারে।

তবে পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে সিসি ক্যামেরার আওতায় থাকার পরও কীভাবে মরদেহটি সেখানে আনা হলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এক্সপ্রেসওয়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। যে স্থানে মরদেহটি পাওয়া গেছে, সেটি ক্যামেরার আওতার বাইরে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়েই মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।