সরকার বয়স্ক ও নারী কারাবন্দি আসামিদের সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন কারাভোগ করা দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কমানো হবে। বিশেষ করে বয়স্ক ও নারী কারাবন্দিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। নারীদের ক্ষেত্রে ২০ বছর সাজা ভোগ করা ব্যক্তিদের মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে পুরুষ কারাবন্দিদের জন্য সাজার মেয়াদ কত হবে, তা এখনও নির্ধারণ হয়নি।
এই সময়ে দুর্গাপূজা সম্পর্কে তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সাধারণের ভোগান্তি সৃষ্টি করা অবরোধের ঘটনা নিয়েও তিনি মন্তব্য করেন। অবরোধ বিকালের মধ্যে না উঠলে আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।



