সড়ক নিরাপত্তা জোরদার এবং ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে যানবাহনের বডি বা সামনের উইন্ডশিল্ডে (কাচে) ফিটনেস সনদ দৃশ্যমানভাবে প্রদর্শনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রুলে আরও জানতে চাওয়া হয়েছে, দুর্ঘটনাপ্রবণ এলাকায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠন, বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রতিটি গণপরিবহনের ভেতরে ও বাইরে ৩৬০ ডিগ্রি ক্যামেরা স্থাপন এবং একতলা বাসকে অবৈধভাবে ডাবল ডেকারে রূপান্তর ঠেকাতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় সেন্টমার্টিন পরিবহনের একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান এ রিট আবেদন দায়ের করেন।
এছাড়া, দুর্ঘটনায় আহত আইনজীবী বাহাউদ্দিন আল ইমরানকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চেয়েছেন আদালত। একইসঙ্গে দুর্ঘটনার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে করা তার আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।



