রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পানির হাউজে পড়ে মো. শাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির মা মোছা. জান্নাতুল জানান, বিবির বাগিচা ১ নম্বর গেট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের পানির হাউজে পড়ে শাফি অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল আরও জানান, তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার তুরুক বাইরা এলাকায়। স্বামীর নাম বিলাল হোসেন। বর্তমানে তারা রাজধানীর বিবির বাগিচা এলাকায় বসবাস করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।



