আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ। বিশ্বের মুসলিম সম্প্রদায় দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদ্যাপন করে থাকে।
প্রায় দেড় হাজার বছর আগে, মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে, ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি পরলোকগমন করেন।
নবীজির আগমনের আগে আরব ছিল অন্ধকারাচ্ছন্ন—নৈতিক অবক্ষয়, সামাজিক বিশৃঙ্খলা ও ধর্মীয় বিভ্রান্তিতে ভরা। তাকে আল্লাহর নবী হিসেবে মনোনীত করা হয় ৪০ বছর বয়সে। তার আগে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহর সান্নিধ্য লাভে ব্রতী ছিলেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে নবীজির জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে উৎসর্গিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন, যেখানে নবীজির আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হবে।



