লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস খালে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার বিষয়টি সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছায়নি, যার ফলে উদ্ধার কাজে বিলম্ব হয়। ফায়ার সার্ভিস কর্মীরাও নিশ্চিত করে বলতে পারেননি পানির নিচে কেউ আটকে আছেন কি না। স্থানীয়রা অভিযোগ করেছেন, উদ্ধার কাজে দেরি হওয়ায় প্রাণহানি বেড়েছে। ক্ষুব্ধ জনতা দাবি করছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।



