সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক বলেছেন, জনগণের দাবি দীর্ঘদিন উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও বড় পরিসরের শান্তিপূর্ণ আন্দোলন গড়ে উঠতে পারে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ওয়াংচুকের ভাষ্য, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন দেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং তারা এখন বিশ্বাস করছে যে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করা সম্ভব।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় কেবল আংশিক পরিবর্তন নয়, মৌলিক সংস্কার প্রয়োজন। তার মতে, বর্তমান পরীক্ষাব্যবস্থা অতিরিক্ত মুখস্থনির্ভর হওয়ায় শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সক্ষমতা গড়ে উঠছে না।
ওয়াংচুকের মতে, শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতিকে এমনভাবে সাজানো উচিত, যাতে তা ভবিষ্যতের কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পেতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী এখনো মামলা, পুলিশি হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মুখোমুখি হচ্ছেন। তার মতে, গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও আন্দোলনের অধিকার নিশ্চিত করা জরুরি।
নিজে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে ওয়াংচুক বলেন, তিনি অহিংস আন্দোলনের মাধ্যমেই জনসচেতনতা গড়ে তুলতে চান। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতেও প্রয়োজন হলে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তিনি।
সূত্র: বিবিসি



