প্রেক্ষাগৃহে মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এর মধ্যেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় ধরনের সাফল্য পেয়েছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকায় সিনেমাটির প্রি-সেল থেকে ইতোমধ্যে প্রায় ৫০ মিলিয়ন ডলার আয় হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের হিসাবে, বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি গেছে প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। উন্নত প্রযুক্তি ও বড় পর্দায় সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা নেওয়ার আগ্রহ থেকেই দর্শকদের মধ্যে এসব বিশেষ স্ক্রিনের চাহিদা বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বড়দিনের ছুটিকে সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডুমসডে’র। একই সময়ে প্রেক্ষাগৃহে আসবে ফরাসি-কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের বহুল আলোচিত ‘ডুন: পার্ট থ্রি’। ফলে বছরের শেষের ছুটির মৌসুমে দুই সিনেমার মধ্যে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতা দেখা দিতে পারে।
বিশ্লেষকদের মতে, আইম্যাক্স স্ক্রিনে ‘ডুন: পার্ট থ্রি’ দর্শকদের মধ্যে বড় আকর্ষণ তৈরি করতে পারে। বিপরীতে অন্যান্য প্রিমিয়াম লার্জ-ফরম্যাট প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ উল্লেখযোগ্যসংখ্যক স্ক্রিন দখল করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নতুন সিনেমাটি দেখার আগে মার্ভেল মহাবিশ্বের আগের ঘটনাগুলো ঝালিয়ে নেওয়ার সুযোগও তৈরি করে দিয়েছে ডিজনি প্লাস। ‘ডুমসডে’র কাহিনির প্রেক্ষাপট বুঝতে সহায়ক হিসেবে প্ল্যাটফর্মটিতে ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। এতে আগের গল্পগুলোর সঙ্গে নতুন সিনেমার যোগসূত্র দর্শকদের জন্য আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
শুধু স্ট্রিমিং তালিকাতেই নয়, পুরোনো কাহিনি বড় পর্দায় ফিরিয়েও দর্শকদের প্রস্তুত করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমার সঙ্গে অতিরিক্ত কিছু দৃশ্য যুক্ত করে তৈরি করা হয়েছে এই বিশেষ সংস্করণ। ‘ডুমসডে’র আগে দর্শকদের মার্ভেলের পুরোনো ঘটনাপ্রবাহের সঙ্গে আবারও যুক্ত করাই এর অন্যতম উদ্দেশ্য।
এরই মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। প্রকাশের পর এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারের রেকর্ড গড়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী সর্বাধিক দেখা ট্রেলারের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এটি।
অগ্রিম টিকিট বিক্রি, ট্রেলারের বিপুল সাড়া এবং মুক্তিকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা—সব মিলিয়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



