রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (৪ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নেছার ও দীপু। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত ‘গাংচিল বাহিনীর’ সদস্য পিন্টু এখনো পলাতক রয়েছেন।
প্রাথমিকভাবে ঘটনাটি নাশকতা মনে হলেও তদন্তে জানা গেছে, গত ছয় মাস ধরে আলিফ পরিবহনের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল নেছারসহ পিন্টু গ্রুপের কয়েকজন। চাঁদা না পেয়ে তারা ফাঁকা গুলি চালিয়ে বাসে অগ্নিসংযোগ করে। ঘটনার সঙ্গে জড়িত চাঁদা দাবির একটি অডিও রেকর্ডও উদ্ধার করেছে পুলিশ।
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, পিন্টুসহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, শুক্রবার সকালে সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাস থামিয়ে কয়েকজন যুবক প্রথমে ফাঁকা গুলি চালায়। এরপর যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয় এবং বাসের স্টাফদের মারধর করে। পরে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।



