ঢাকা: রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল, তবে তখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডে আহত তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. সোহেল সরদার (৩৭), মো. মামুন (৩৫) ও মো. সুরুজ্জামান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে সুরুজ্জামানের শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে এবং অপর দুজন ধোঁয়ায় অসুস্থ। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় এবং জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।



