ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন প্রেমে জড়িয়েছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
সম্প্রতি শারদীয় দুর্গোৎসবের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত, যেখানে দেখা গেছে সুস্মিতার সঙ্গেও তিনি ছিলেন। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন দুজন, যা এই গুঞ্জন আরও উসকে দেয়।
এদিকে, দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করেন, “অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার স্বামী নন—আপনি কী বলবেন?”
উত্তরে মিথিলা বলেন, “এটা যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।”
তবে উপস্থাপকের পরবর্তী প্রশ্ন ছিল, “সৃজিত কি এখনও আপনার স্বামী?”
কয়েক সেকেন্ড ভেবে মিথিলা উত্তর দেন, “হ্যাঁ।”
এরপর জানতে চাওয়া হয়, “আপনার পাসপোর্টে এখনও তার নাম রয়েছে?”
মিথিলা মাথা নেড়ে বলেন, “হ্যাঁ।”
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় বসবাস শুরু করেন তিনি এবং আইরাকে ভর্তি করান স্থানীয় একটি স্কুলে। তবে গত দুই বছর ধরে ঢাকায় আছেন মিথিলা ও তার মেয়ে।
অনুষ্ঠানে সৃজিত-মিথিলার দূরত্ব নিয়েও আলোচনা হয়। তারা এখন আর একসঙ্গে প্রকাশ্যে খুব একটা দেখা দেন না। এমনকি ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি মিথিলা। কেন যাননি জানতে চাইলে জানান, “ভিসা নেই।”



