মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করা একজন পরিচিত ব্যক্তি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে মাহাথিরের কার্যালয়। সোমবার সন্ধ্যায় সিতি হাসমাহর জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার একটি কবরস্থানে তাকে দাফন করা হবে।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় শেষ বিদায় দেওয়া হবে। এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের মানুষ তাকে একজন মাতৃসুলভ ব্যক্তিত্ব হিসেবে মনে রাখবে। জনসেবায় তার অবদান এবং কাজও স্মরণ করা হবে।
৭০ বছরের দাম্পত্য
সিতি হাসমাহ ও মাহাথির মোহাম্মদের পরিচয় হয় ১৯৪০-এর দশকের শেষ দিকে। তখন তারা দুজনই সিঙ্গাপুরে চিকিৎসাবিদ্যা পড়ছিলেন।
পরে তাদের বিয়ে হয়। চলতি বছরের আগস্টে তারা ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন।



