tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদটপ নিউজমালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা এবং সেখানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ও আলোচনায় তুলে ধরেছেন।

তিনি জানান, উভয় দেশ একমত হয়েছে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হতে হবে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সংস্কৃতি, সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল বিনিময় হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করে। একই সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের আগ্রহও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।