tanaka
প্রচ্ছদঅন্যান্যমালয়েশিয়া থেকে অর্জিত অভিজ্ঞতা দেশে কাজে লাগানোর আহ্বান মাহাথির মোহাম্মদের

মালয়েশিয়া থেকে অর্জিত অভিজ্ঞতা দেশে কাজে লাগানোর আহ্বান মাহাথির মোহাম্মদের

দক্ষিণ-পূর্ব এশিয়ার কিংবদন্তি নেতা ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ডা. মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উদ্দেশে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মালয়েশিয়ায় কাজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখা উচিত।

দৈনিক মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অবস্থিত পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে এ মন্তব্য করেন মাহাথির মোহাম্মদ। প্রশ্নে জানতে চাওয়া হয়— মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন, তাদের জন্য আপনার পরামর্শ কী?

প্রশ্নটি শুনে কিছুক্ষণ নীরব থাকার পর মাহাথির বলেন, “বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে তাদের সবচেয়ে বড় অবদান হবে— এখানে অর্জিত অভিজ্ঞতা যদি তারা নিজ দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে। তরুণ প্রজন্ম যদি শেখে কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে দায়িত্ব নিতে হয়, তবে একদিন বাংলাদেশও একটি উন্নত ও শৃঙ্খলিত দেশে পরিণত হবে।”

উল্লেখ্য, তুন ডা. মাহাথির মোহাম্মদ কয়েক দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত। তার নেতৃত্বেই একটি কৃষিনির্ভর ও ঔপনিবেশিক মানসিকতায় আবদ্ধ দেশ থেকে মালয়েশিয়া শিল্প, প্রযুক্তি ও শিক্ষা খাতে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে।

মাহাথির বিশ্বাস করেন, প্রবাসী শ্রমিকরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমেও নিজ দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তার ভাষায়, “কোনো দেশের উন্নতি বাইরের সাহায্যে নয়, মানুষের চিন্তা, শ্রম ও দায়িত্ববোধের মাধ্যমেই সম্ভব।”

মালয়েশিয়ায় কর্মরত প্রায় ১৫ লাখ বাংলাদেশির শ্রম যেমন সে দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তেমনি তাদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। বিশ্লেষকদের মতে, মাহাথির মোহাম্মদের এই বার্তা শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বজুড়ে কর্মরত কোটি প্রবাসী বাংলাদেশির জন্য এক শক্তিশালী অনুপ্রেরণার উৎস।