tanaka
প্রচ্ছদঅন্যান্যমারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ নিয়ে প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার

মারুফ কামাল খানের ‘রাজনীতির সদর-অন্দরে’ নিয়ে প্রকাশনা অনুষ্ঠান মঙ্গলবার

দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক, লেখক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের নতুন বই ‘রাজনীতির সদর-অন্দরে’ প্রকাশিত হয়েছে। বইটির প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান ‘সূচীপত্র’-এর উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বইটি নিয়ে আলোচনায় অংশ নেবেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে বইটির লেখক মারুফ কামাল খানও বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘সূচীপত্র’-এর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।

‘রাজনীতির সদর-অন্দরে’ বইয়ে বাংলাদেশের রাজনীতির নানা ঘটনাপ্রবাহের পাশাপাশি ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত ব্যক্তিদের বিভিন্ন দিক এবং সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন নানা বিষয় তুলে ধরা হয়েছে।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ভিত্তিতে লেখা বইটির বিভিন্ন নিবন্ধে দেশের রাজনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ কিছু ঘটনার অন্তরালের দিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও চরিত্রের নানা দিক তুলে ধরেছেন লেখক।

প্রকাশনা অনুষ্ঠানে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।