tanaka
প্রচ্ছদজাতীয়মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা

মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর নির্দেশনা

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এসব কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠাতে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারপত্র বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় মনোযোগী হয়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আঞ্চলিক অফিসের আওতাধীন জেলাগুলোর মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, কত শতাংশ প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ আয়োজন এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের তথ্য সংগ্রহ করতে হবে।

এসব কার্যক্রমের অগ্রগতি নির্ধারিত ছকে সংকলন করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে ই-মেইলের মাধ্যমে মাউশিতে পাঠাতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।