নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হওয়ার ঘটনার পর এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান তাঁরা। তবে ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। পরে সড়কের প্রতিবন্ধকতা সরিয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। ততক্ষণে বাড়িঘরের আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শওকত আলী বলেন, বেন্দারচর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তাদের একটি ইউনিট পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িও রয়েছে। এ ছাড়া কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বাড়িঘর রয়েছে ওই গ্রামে।
এদিকে বেন্দারচর গ্রামে বাড়িঘরে আগুন জ্বলতে থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে। এসব ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জানান, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে। বিবৃতিতে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন বিএনপির নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের বটগাছ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
ওই হামলায় কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), পৌর কৃষক দলের সদস্যসচিব শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫) আহত হন। পরে শাহিনুর মোল্লা ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
বিএনপির নেতা-কর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তাঁদের দুই সহকর্মী নিহত হয়েছেন।
দুই বিএনপি নেতার মৃত্যুর পরপরই বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। তবে আগের হামলায় দুই নেতার মৃত্যুর সঙ্গে পরবর্তী এসব ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।



