ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাস (২৭) গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব-১৪ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত লোকজন ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে এবং মরদেহে আগুন জ্বালিয়ে দেয়।



