সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন কাঠামোতে বিভিন্ন গ্রেডে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন করা হয়।
অনুমোদিত কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।
নতুন বেতন কাঠামো কার্যকর হলে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়বে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
নতুন বেতন কাঠামো অনুমোদনের আগে সোমবার সকালে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান, রাষ্ট্রীয় কোষাগারের ওপর সম্ভাব্য চাপ এবং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। এ কারণে অর্থের সংস্থান ও বাজেট ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
মন্ত্রিসভার অনুমোদনের পর এখন নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। সরকারি প্রজ্ঞাপন জারির পরই এর কার্যকর তারিখ ও বিভিন্ন গ্রেডের বেতন-ভাতা পাওয়ার বিষয়ে বিস্তারিত জানা যাবে।



