রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম একটি গাড়ির ডেকোরেশন দোকানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সময়ে হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ছোড়া হয়, যা সিয়ামের কাছে পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, কে বা কারা ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং এর বিস্ফোরণেই ওই যুবকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই থানা পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেন। এলাকা ঘিরে রাখা হয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিট আলামত সংগ্রহে কাজ শুরু করে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলের পাশের একটি চা-দোকানের মালিক ফারুক জানান, সিয়াম প্রায়ই তার দোকানে আসত। ঘটনার দিনও চা খেতে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই ওপর থেকে ককটেল পড়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই সিজান বলেন, তার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। নাস্তা কিনতে বের হয়ে চায়ের দোকানে যাওয়ার পরই এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় পরিবারটি গভীর শোকে স্তব্ধ হয়ে গেছে।
তিনি জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানায়। সিয়াম বর্তমানে মগবাজার এলাকায় বসবাস করছিল এবং পরিবারের বড় ছেলে হিসেবে তার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল।
ঘটনার পর মগবাজার এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যান। জনবহুল এলাকায় এ ধরনের সহিংস ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



