যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার আব্দুল ওহাব সরকারের ছেলে।
পুলিশ জানায়, জাফর ইকবালের লাশ ঘরের বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫) জানান, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তিনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান এবং রাতে আর ফেরেননি। বুধবার সকালে বাড়িতে ফিরে ঘরের দরজা খুলে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
তবে নিহতের মা সেলিনা বেগমের অভিযোগ, জাফর ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার গলায় রশি পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবাল নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম, মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় নেওয়া হয়েছে।



