নাটোরের লালপুরে ডিশ লাইনের তারে আটকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালপুর আজিমনগর স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তানজিম হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে। অপর আহত ব্যক্তির পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনসংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা দুই ব্যক্তি রেললাইনের ওপর ঝুলে থাকা ডিশ লাইনের তারে আটকে যান। এতে তারা চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।



