ভারত সফরে গিয়ে এক বিরল ও তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসি। কলকাতার সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে মাত্র ২০ মিনিটের মধ্যেই মাঠ ত্যাগ করতে বাধ্য হন তিনি।
মেসিকে এক নজর দেখতে সোমবার যুব ভারতী স্টেডিয়ামে উপস্থিত হন প্রায় এক লাখ দর্শক। তবে অতিরিক্ত ভিড় সামলাতে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা মেসির আশপাশে ভিড় করে তাকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন।
ল্যাপ অব অনারের মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানানোর সময় গ্যালারিতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দর্শকদের একটি অংশ মাঠের ভেতরে পানির বোতল ছুঁড়ে মারতে শুরু করে। পাশাপাশি ব্যানার ছেঁড়া ও হোর্ডিং ভাঙচুরের ঘটনাও ঘটে, যা পুরো স্টেডিয়ামজুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেসির নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেয়। ফলে নির্ধারিত বক্তব্য দেওয়ার আগেই তাকে দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর কলকাতায় মেসির বাকি কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।



