tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসারাদেশভাঙ্গায় টানা তিন দিনের সড়ক-রেলপথ অবরোধ শুরু

ভাঙ্গায় টানা তিন দিনের সড়ক-রেলপথ অবরোধ শুরু

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় টানা তিন দিনের সড়ক ও রেলপথ অবরোধ শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি কার্যকর হয়।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দেয়।

লিখিত বক্তব্যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, “গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন অন্যায্যভাবে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই আমরা আন্দোলনে আছি। আমাদের আন্দোলনের কারণে দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।”

তিনি আরও বলেন, “নগরকান্দা ও সালথা ভৌগোলিকভাবে ভাঙ্গা থেকে অনেক দূরে অবস্থিত। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা যোগাযোগ—কোনো ক্ষেত্রেই এ দুই ইউনিয়নের সঙ্গে ফরিদপুর-২-এর সম্পর্ক নেই। যথাযথ যাচাই-বাছাই ছাড়া গৃহীত এ সিদ্ধান্ত আমাদের জন্য মারাত্মক বিপর্যয় বয়ে আনবে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ভাঙ্গা উপজেলা থেকে ইউনিয়ন বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না। ইউনিয়নগুলো পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অবরোধ কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথে অবস্থান করা হবে। অবরোধের স্থানগুলো হলো—ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি, মুনসুরাবাদ ও পুলিয়া বাসস্ট্যান্ড, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট, মাধবপুর, হামিরদী ও পুখুরিয়া বাসস্ট্যান্ড এবং পুখুরিয়া রেলক্রসিং। তিন দিনের কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করা হবে।

অবরোধের পক্ষে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, জামায়াতের উপজেলা আমির মাওলানা সারোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আতিউর রহমান, খেলাফত মজলিস নেতা জাবের হোসেন এবং এনসিপি নেতা অনিক হোসেন।