রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ছাত্রশিবির এবং একজন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের আয়োজিত প্রদর্শনীতে টানানো একটি ব্যানারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে চেয়ার ও গাছের ডাল ব্যবহার করে হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত তিনজন আহত হন। পরে উভয় পক্ষ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শুরুতে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। পরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল ফটকের বাইরে চলে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হবে। তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট উভয় পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



