বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার সমন্বয়ের প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে দাখিল করেছে।
এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নেওয়া বিভিন্ন পক্ষের মতামত ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিইআরসি জানিয়েছে, বিদ্যুতের নতুন মূল্যহার বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বুধবার বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।



