-
রাজধানীর বুড়িগঙ্গার শোয়ারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা। তবে এসব পলিথিনের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা হয়নি।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলার একটি দল শোয়ারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ভ্যান তিনটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। পরে ওজন করে দেখা যায়, জব্দ করা পলিথিনের পরিমাণ প্রায় ১ হাজার ৯০০ কেজি। এসব পলিথিনের আনুমানিক মূল্য ২৮ লাখ ৫০ হাজার টাকা।
তবে অভিযানের সময় পলিথিনের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত মালিক বা কোনো দায়ী ব্যক্তিকে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিষিদ্ধ পলিথিনের পরিবহন ও মজুত বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্টগার্ড।



