জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায় বিসিবি।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি বহন করবে না। তবে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণ বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এর পরপরই কঠোর অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন এম নাজমুল ইসলামের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। দাবি পূরণ না হলে দেশের সব পর্যায়ের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তিনি।
এক ভিডিও বার্তায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচ শুরুর আগে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে।



