রাজধানীর হলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ এ শর্তের পাশাপাশি আরও কয়েকটি বাধ্যতামূলক নিয়মের কথা উল্লেখ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজের নির্ধারিত পোশাক পরা, শরীরচর্চা এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও নিষিদ্ধ। এসব নিয়মে যাদের আপত্তি রয়েছে, তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
যে যোগ্যতায় আবেদন করা যাবে
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী নেবে হলি ক্রস কলেজ। এসএসসির ফলাফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ও থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে যাওয়ার জন্য আবেদন করতে পারবে।
আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচি
অনলাইনে আবেদন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
এরপর বিভাগভেদে সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা হবে ১০ সেপ্টেম্বর, আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর।
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর। এরপর ১৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।
বিভাগভিত্তিক আসনসংখ্যা
হলি ক্রস কলেজে এবার বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।



