দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় থালাপতির চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোমা হামলার হুমকি পাওয়ার পর পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে, এবং সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরাও নজরদারিতে রয়েছেন।
হুমকি ও পুলিশের পদক্ষেপ
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-এর প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই পুলিশকে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি জানান যে, ভবিষ্যতে বিজয় কোনো জনসভা করলে তার বাড়িতে বোমা হামলা চালানো হবে। ফোনটি কন্যাকুমারী এলাকা থেকে করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হুমকির খবর পাওয়ার পরপরই পুলিশ বিজয়ের বাড়ি ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়। যদিও বাড়ি থেকে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ফোনকলের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি হয়তো একটি ভুয়া হুমকি বা প্র্যাঙ্ক কল।
সম্প্রতি কারুরে দুর্ঘটনা ও রাজনীতির চাপ
উল্লেখ্য, সম্প্রতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) আয়োজিত তামিলনাড়ুর কারুরে এক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যু হয়, যার মধ্যে বহু নারী ও শিশু ছিলেন। আহত হন আরও অনেকে।
বিজয় ওই সমাবেশে প্রায় সাত ঘণ্টা দেরিতে পৌঁছান, আর ততক্ষণে সমাবেশস্থলে কয়েক গুণ বেশি মানুষ জড়ো হয়ে যান। ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি উপস্থিতি, নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন এবং পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা ব্যবস্থার অভাব—এসব মিলিয়েই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ঘটনার পর বিজয় শোক প্রকাশ করে আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও তার দল টিভিকে জানিয়েছে, অতীতেও তারা অনেক বড় সমাবেশ আয়োজন করেছে এবং সেগুলিতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।



