ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি জানিয়েছেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়নি। বরং রাগের বশে তিনি বিচ্ছেদের কথা বলেছিলেন, যা বাস্তবে ঘটেনি।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। দেড় বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। সেই সময় থেকেই দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ছিলেন যুক্তরাষ্ট্রে, আর রাকিবের অবস্থান নিয়েও তৈরি হয় ধোঁয়াশা।
তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মাহি জানান, “আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। বাস্তবে আমাদের বিচ্ছেদ হয়নি, এখনো নিয়মিত যোগাযোগ হচ্ছে।”
সম্প্রতি মাহি তার সামাজিক মাধ্যমে রাকিবের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করেন, যেটি তারা ভারতে তোলেন। ছবিটি কেন এখন প্রকাশ করলেন, তা জানিয়ে মাহি বলেন, “উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বিষয়টি পরিষ্কার করতেই ছবিটি শেয়ার করেছি। আমাদের পাসপোর্টেও এখনো লেখা আছে ‘ম্যারিড’— স্বামীর নাম রাকিব সরকার।”
তবে বিচ্ছেদ নিয়ে মাহির আগের ও বর্তমান মন্তব্যের পার্থক্য নিয়ে ভক্তদের মাঝে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। অনেকে ধারণা করছেন, মাহির যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন নাগরিকত্ব সংক্রান্ত কোনো ইস্যু থাকতে পারে, যার প্রভাব এই বিবৃতিতে পড়েছে।
উল্লেখ্য, মাহি ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। পরবর্তীতে ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন মাহি।



