tanaka
প্রচ্ছদজাতীয়বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত: নুরের মাথায় আঘাত, নাকের হাড় ভাঙা

বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত: নুরের মাথায় আঘাত, নাকের হাড় ভাঙা

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার মাথা, নাক ও ডান পাশের চোয়ালের হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছে এবং এক চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। তিনি এখনো শঙ্কামুক্ত নন এবং অন্তত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তার চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে নুরকে ঢামেকে আনা হয়। প্রাথমিক পরীক্ষায় মাথা ও চোয়ালে আঘাত, নাকে রক্তক্ষরণ ও চোখে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা যৌথভাবে তার চিকিৎসা চালাচ্ছেন এবং অবস্থা পর্যবেক্ষণ করছেন।

এদিকে, নুরকে দেখতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান। তারা হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, সেনাবাহিনীর কিছু সদস্য নুরের ওপর হামলা চালিয়েছে এবং ঘটনার ভিডিও মুছে ফেলতে চাপ দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ হামলার বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে।

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামও এ হামলাকে দেশের রাজনীতির জন্য অশনি সংকেত আখ্যা দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর, রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে রাতেই ঢামেকে স্থানান্তর করা হয়। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।