জাতীয় পার্টিকে ‘ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট’ আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শনিবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব এ দাবি করেন।
বিবৃতিতে তারা বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর জাতীয় পার্টির কর্মী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্যের হামলা নিন্দনীয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করারও দাবি তোলা হয়।
নেতারা আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সরকার প্রতিশ্রুত সংস্কার এখনো বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে পুলিশ বাহিনীর সংস্কার না হওয়াকে তারা ‘চরম লজ্জাজনক’ বলে উল্লেখ করেন।
হেফাজত নেতাদের মতে, সেনাবাহিনী অতীতে ইতিবাচক ভূমিকার জন্য প্রশংসিত হলেও সাম্প্রতিক ঘটনায় তাদের ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে। সেনাবাহিনীর ভেতর থেকে যারা প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন ভাঙতে নানা চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করার আহ্বান জানানো হয়। হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।



