জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে নতুন কোনো আপডেট নেই। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, একজন দণ্ডিত আসামি অপরাধ করে অন্য দেশে অবস্থান করলে তাকে দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের আইনের আওতায় বিচার সম্পন্ন করা সরকারের লক্ষ্য। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ১০টি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং অর্থ ফেরানোর ক্ষেত্রে নির্ধারিত আন্তর্জাতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো তাৎক্ষণিকভাবে সম্ভব নয়; এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি ও চলমান আলোচনার মাধ্যমে সরকার এ বিষয়ে অগ্রগতি অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, চলমান প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।



