রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন— মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)।
বুধবার (১ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, রাতে ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা তিনজনই দগ্ধ হন। তারা সবাই পান্থপথের একটি ফার্নিচারের দোকানে কর্মরত।
ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ অংশ পুড়ে গেছে। গুরুতর অবস্থায় রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়েছে। অপর দুইজনকে বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁঠালবাগান এলাকা থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী একজনকে আইসিইউতে এবং অপর দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



