আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে। বিকেল ৩টায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হবে।
দলীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ জানুয়ারি) ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে ইশতেহার ঘোষণার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পুরোনো বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান জানিয়ে ‘নয়া বন্দোবস্ত’ হিসেবে শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হবে। ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করা হয়েছে— ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’।
তিনি আরও বলেন, জনপ্রত্যাশার অংশ হিসেবে শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তরুণদের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পাবে। পাশাপাশি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা ও সম্মানভিত্তিক বৈদেশিক নীতির বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নিজে ইশতেহার উপস্থাপন করবেন। এ সময় দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।



