বঙ্গোপসাগরে থাকা দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস খালাসে আবহাওয়াজনিত সাময়িক বিঘ্ন কেটেছে। শুক্রবার সকাল থেকে আবারও খালাস কার্যক্রম শুরু হওয়ায় বিকালের মধ্যেই দেশে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বঙ্গোপসাগরে থাকা দুটি এফএসআরইউ থেকে এলএনজি খালাসে কিছুটা সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিটে পুনরায় খালাসের কাজ শুরু হয়েছে। ফলে দিনের শেষভাগের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে এলে বা স্থিতিশীল অবস্থায় থাকলে দেশের বাজারেও দ্রুত জ্বালানির দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এর মাধ্যমে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
এর আগে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা চালুর বিষয়ে কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। নির্ধারিত সময়ের মধ্যে এই সেবা নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, আগের সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলোর জন্য নির্দিষ্ট সময়সীমাও ঠিক করে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



