tanaka
প্রচ্ছদজাতীয়খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা লাভরভের

খলিলুর রহমানের দায়িত্ব পালনে সাফল্য কামনা লাভরভের

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভকামনা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই সঙ্গে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন সংকট ও হুমকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন লাভরভ। পরে রুশ দূতাবাসের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে সাধারণ পরিষদের অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন ইস্যু নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়। রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও মতবিনিময়ের প্রতিনিধিত্বশীল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় সাধারণ পরিষদের অভ্যন্তরীণ কার্যপরিবেশ আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা। পাশাপাশি পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দেশগুলোর মধ্যে সংলাপের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

লাভরভ আশা প্রকাশ করেন, বর্তমান অধিবেশনের কার্যক্রম পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং রাজনৈতিকীকরণ থেকে মুক্ত থাকবে। পাশাপাশি অধিবেশনের আলোচনার মাধ্যমে বিশ্বব্যাপী বিদ্যমান চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টা আরও কার্যকর হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।