বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত কিংবা লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির একমাত্র লক্ষ্য হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী নামার বাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী লীগ উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালিয়েছে। প্রকল্পে বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড ঝুলিয়েছে, কিন্তু বাস্তব কোনো উন্নয়ন হয়নি। দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য শুধু শহর নয়, গ্রামকেও সমান গুরুত্ব দিতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি গ্রাম উন্নয়নে কাজ করবে।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



