tanaka
প্রচ্ছদজাতীয়প্রশাসনে বড় রদবদল, চার সচিবের দায়িত্ব পরিবর্তন; পদোন্নতি পেলেন একজন

প্রশাসনে বড় রদবদল, চার সচিবের দায়িত্ব পরিবর্তন; পদোন্নতি পেলেন একজন

সরকারের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের অংশ হিসেবে চার সচিবের দায়িত্বে রদবদল করা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। বাকি তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারকে ওই পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দাউদ মিয়া। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সচিব কানিজ মওলাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।