ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের বিরুদ্ধে কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে তারেক রহমান লিখেছেন, “বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিরা সর্বদা সহিংস ঔপনিবেশিক নিপীড়ন ও উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভাইবোনদের পাশে থেকেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রাখছে।”
তিনি আরও উল্লেখ করেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর অত্যন্ত হৃদয়বিদারক। এটি ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কার্যত বন্ধ করে দিয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদী নীতি ও ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর আক্রমণ পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূল ছাড়া আর কিছু নয়।
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকার বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, “তাদের ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। কারণ, বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”
সবশেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে অনুরোধ করেন, যেন গাজায় ইসরায়েল সরকারের সুস্পষ্ট গণহত্যার বিষয়ে রায় ঘোষণায় আর দেরি না হয়।



