সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্যদিনের মতোই নতুন একটি দিনের কাজ শুরু করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন সময় বাড়ির দরজা খুলে মুচকি হেসে উপস্থিতদের উদ্দেশে বললেন, “চলেন, যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর এই তিন শব্দের মন্তব্যে সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা মুহূর্তের জন্য কিছুটা বিস্মিত হয়ে পড়েন। তবে পরক্ষণেই তারা বুঝতে পারেন, তিনি দেশ পরিচালনার দায়িত্ব ও চ্যালেঞ্জকে ‘যুদ্ধ’ হিসেবে রূপক অর্থে উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত এই কথার মধ্যেই দেশ গঠনের প্রতিদিনের সংগ্রামের বার্তা তুলে ধরেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রতিদিনের মতো প্রস্তুত ছিলেন। তারা যখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল মুখে সবাইকে উদ্দেশ করে এই মন্তব্য করেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনজুড়ে তার বেশ কয়েকটি বৈঠক নির্ধারিত রয়েছে। আজকের সূচিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



